এক শিক্ষককে বেদম পিটুনি দিয়েছে এক ছাত্র ও তার সাঙ্গপাঙ্গরা

নাটোর, ডিসেম্বর ১২
 বি ডি নিউজ --
কথামতো ফরম পূরণ না করায় নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের এক শিক্ষককে বেদম পিটুনি দিয়েছে এক ছাত্র ও তার সাঙ্গপাঙ্গরা। 

সোমবার দুপুরে কলেজে এ হামলায় আহত হন পদার্থ বিজ্ঞানের প্রভাষক সোহেল আহমেদ। 

তকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতাল এবং পরে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। 

এই ঘটনার পর কলেজের সব কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরজন্য দায়ীদের গ্রেপ্তারসহ যথাযথ ব্যবস্থা না নিলে শিক্ষকরা বুধবার থেকে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুর পৌনে ২টায় সোহেল আহমেদ কলেজের ১০৪ নম্বর কক্ষে উচ্চ মাধ্যমিকের ফরম পূরণের কাজ করছিলেন। এ সময় উচ্চ মাধ্যমিকের ছাত্র আশিকুর রহমান ওরফে আশিক বহিরাগত কিছু যুবক নিয়ে কক্ষে ঢুকে তার ফরম আগে পূরণ করতে বলে। 

প্রভাষক সোহেল তার কথামতো সারা না দিলে আশিক ও তার সাঙ্গপাঙ্গরা ওই শিক্ষককে বেদম মারধর করে রক্তাক্ত করে। তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 

এ সময় কয়েকশ’ শিক্ষার্থী দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। 

এক পর্যায়ে কলেজের উপাধ্যক্ষ মকবুল আহমেদ কয়েকজন শিক্ষকসহ গিয়ে আহত শিক্ষককে উদ্ধার করতে গেলে হামলাকারীরা কলেজের বাইরে চলে যায়। 

কিন্তু কিছুক্ষণ পর তারা লাঠিসোঁটা নিয়ে আবার কলেজে ঢোকে এবং গালিগালাজ করতে থাকে। 

আহত সোহেল আহমেদ বলেন, “আশিক নামের ছাত্রটির ফরম পূরণের তারিখ ছিল রোববার। ওইদিন সে তা করেনি। আজ (সোমবার) এসে সবার আগে ফরম ফিলাপ করতে চায়। আমি পরে করে দেওয়ার কথা বললে হামলা শুরু করে। 

“আমি এর সুষ্ঠু বিচার চাই,” বলেন তিনি। 

বিকালে কলেজের একাডেমিক কাউন্সিল ওই ঘটনার প্রতিবাদে এক সভা করেছে। 

সভায় অধ্যক্ষ মাহফুজুর রহমান বলেন, “আমাদের একজন নির্দোষ শিক্ষককে মারধর করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আগামীকালের (মঙ্গলবার) মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করলে শিক্ষকরা আন্দোলন শুরু করবেন। 

“আমরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।” 

নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

No comments:

Post a Comment

Coveroo custom phone covers and cases

visitors

free counters