দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, বীর-জারা, ওম শান্তি ওম—ছবিগুলোর নাম শুনলেই মনের পর্দায় ভেসে ওঠে বলিউড তারকা শাহরুখ খানের রোমান্টিক ইমেজ। ভক্তরা তাঁকে পর্দায় এভাবেই দেখতে পছন্দ করেন। অথচ শাহরুখই কি-না দাবি করে বসলেন, তিনি রোমান্টিক নন!
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে শাহরুখ বলেছেন, ‘আমি জানি, মানুষ আমাকে রোমান্টিক ইমেজে দেখতেই পছন্দ করে। কিন্তু আমি আদৌ রোমান্টিক নই। মেয়েদের সঙ্গে মিশতে আমার লজ্জা লাগে।’
কিং খান জানিয়েছেন, তিনি সব সময় বাজিগর কিংবা ডর ছবির মতো নেতিবাচক চরিত্রে কাজ করতে চান। তিনি বলেন, ‘আমি এমন চরিত্রগুলো আরও বেশি করতে চাই। সে হিসেবে ডন ছবিতে অভিনয় করাটা সঠিক সিদ্ধান্ত।’ তাঁর ভাষায়, ‘আমি বাস্তবে ডনের জীবন পছন্দ করি না। তবে পর্দায় এ ধরনের চরিত্রে কাজ করাটা আনন্দের। ডনের সুন্দর গাড়ি, আকর্ষণীয় নারী—সবই আছে। সবাই ডনের মতো হতে চায়। কিন্তু পারে না।’
প্রসঙ্গত, আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে শাহরুখ অভিনীত ডন-২।

No comments:
Post a Comment