মানিকগঞ্জ, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনির ও চলচ্চিত্রকার তারেক মাসুদসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় আহত হয়েছেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিশুক মুনির ও তারেক মাসুদকে বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দিন জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকও নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি।
ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী ডলিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাটির ময়না চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্রকার তারেক মাসুদের নতুন ছবি 'কাগজের ফুল' এর 'লোকেশন' দেখতে মানিকগঞ্জ যায় দলটি। সেখান থেকে ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।
শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে মিশুক মুনীর দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেছেন। একুশে টেলিভিশন চালু হওয়ার সময় হেড অব অপারেশন্স হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, চ্যানেল ফোর ও সিবিসি টেলিভিশনের ক্যামেরা অপারেটর হিসেবে কাজ করেন। গত বছর দেশে ফিরে এটিএন নিউজের সিইওর দায়িত্ব নেন।
তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদও একজন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক। ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি দুজনেই চিত্রশিল্পী হিসেবে দেশে ও দেশের বাইরে পরিচিত মুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রা খালেদা জিয়া এ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
No comments:
Post a Comment